॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউপির ঝাউগ্রামে গত ১৪ই ফেব্রুয়ারী বিকেলে হেকমত আলী মোল্লার বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে সব পুড়ে নিঃস্ব হয়ে পড়েছে একটি পরিবার।
জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে হেকমত মোল্লার ছেলে বিল্লাল মোল্লার চারচালা টিনের ১টি বসতঘর, ১টি রান্না ঘর ও ১টি গোয়ালঘর ভস্মিভূত হয়। খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল কর্মী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বিল্লাল মোল্লার বসতঘরসহ তিনটি ঘরের সমুদয় মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়। অগ্নিকান্ডে বাড়ির কিছু গাছপালা পুড়েও ক্ষতি হয়।
হেকমত মোল্লা জানান, নগদ ৪০হাজার টাকা, ১টি রঙিন টেলিভিশন, কাপড়-চোপড়, ধান-চালসহ ঘরে রক্ষিত সমুদয় মালামাল ও আসবাবপত্র পুড়ে গেছে। পড়নের কাপড় ছাড়া পরিবারের অবশিষ্ট আর কিছুই নেই। সরকারী সহযোগিতা ও গ্রামবাসী লোকজনের সহযোগিতা এখন বড়ই প্রয়োজন। সাংসারিক খরচের পাশিপাশি বিল্লাল মোল্লার ৫ম শ্রেণিতে পড়–য়া ছেলে সাব্বির হোসেনের লেখাপড়া নিয়েও পরিবারের লোকজন উদ্বিগ্ন বলে জানান তিনি।
এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের তৎপরতার ফলে আশপাশের কয়েকটি বাড়ী-ঘর অগ্নিকান্ডের কবল থেকে রক্ষা পায়।
কালিকাপুর ঝাউগ্রামে অগ্নিকান্ডে সর্বস্ব পুড়ে নিঃস্ব একটি পরিবার

