॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী-কুষ্টিয়া আন্তঃ মহাসড়কের মাছপাড়া ও কলিমহরের সীমান্তবর্তী গোপালপুর ব্রিজের পাশে গত বুধবার গভীররাতে বগুড়া থেকে বালিয়াকান্দির রসুলপুরে তাফসীরুল কুরআন মাহফিলগামী বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-১৪৬০) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে ২জন নিহত ও অন্তত ১০জন কমবেশি আহত হয়েছেন। নিহত ও আহতরা মাহফিলগামী ওই রিজার্ভ বাসের যাত্রী।
জানা যায়, বগুড়া থেকে ছেড়ে আসা ওই বাসটি গত ১৩ই ফেব্রুয়ারী দিনগত রাত আড়াইটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্লেখিত স্থানে রাস্তার পাশে উল্টে পড়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলে বগুড়ার নন্দিগ্রাম উপজেলার পূর্ব বাঁশবাড়িয়া গ্রামের মিলন হোসেন(২২) ও একই গ্রামের জামাল হোসেন(২৫) নিহত হয়। আহতদের পাংশা হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ, পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পাংশা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পাংশা হাসপাতালে ভর্তি হওয়া আহতরা অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ গ্রামে ফিরেছেন বলে জানা গেছে।
রাজবাড়ী-কুষ্টিয়া আন্তঃমহাসড়কের মাছপাড়ায় রসুলপুর মাহফিলগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২॥১০জন আহত

